দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ এএম
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ এএম
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর প্রত্যয় নিয়ে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। ‘Resilience Starts at Home’—‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা তপন পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ মিয়া, স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ছিল কর্মসূচির অন্যতম আকর্ষণ। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এ মহড়া পরিচালনা করেন। বাস্তব পরিস্থিতির অনুকরণে প্রদর্শনীর মাধ্যমে তাঁরা ভূমিকম্পের সময় নিরাপদে আশ্রয় নেওয়া, অগ্নিকাণ্ডের সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল তুলে ধরেন। পাশাপাশি দুর্যোগের মুহূর্তে আতঙ্কিত না হয়ে কীভাবে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করে। এ সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যদের সহযোগিতা করা এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও তাদের সচেতন করা হয়। আয়োজকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় প্রতিরোধ। প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
তিনি দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত,পারিবারিক ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের যোগাযোগ নম্বরসংবলিত তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতা নয়, বরং আগাম প্রস্তুতি, নিয়মিত মহড়া ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিবচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এসব কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার এবং নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার বার্তা দিয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team